গাইবান্ধা জেলা প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ৯:২৭:৩১প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তার আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর থেকে গাইবান্ধা আদালতে নিয়ে আসা হয় সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরকে।
মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার ‘দীবা গার্ডেন’ নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, তিনি গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।
জেলা জজ আদালতের সাবেক পিপি ও সারোয়ার কবিরের আইনজীবী অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ জানান, ২০২৩ সালের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আমরা তার জামিনের আবেদন জানিয়েছিলাম, কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো,” বলেন আইনজীবী নিরাঞ্জন কুমার ঘোষ।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সারোয়ার কবির। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি।