প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:০০:৩৯ প্রিন্ট সংস্করণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন ইশান কিষান ও রিঙ্কু সিং। অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আক্সার প্যাটেল।
এই ঘোষণার ফলে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত দলের সহ-অধিনায়ক থাকা শুভমান গিল এবং জিতেশ শর্মা দল থেকে বাদ পড়েছেন। শনিবার মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিত আগারকার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারির পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত ভারতের সহ-অধিনায়ক ছিলেন আক্সার প্যাটেল। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপে গিল এই দায়িত্ব নেন এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সহ-অধিনায়ক ছিলেন। তবে এবার আবার সেই ভূমিকায় ফিরলেন আক্সার।
চোটের কারণে শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলতে পারেননি শুভমান গিল। লখনউয়ে পরিত্যক্ত ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় পায়ে চোট পান তিনি। তাছাড়া চলতি বছরে টি-টোয়েন্টিতে গিলের পারফরম্যান্সও ছিল হতাশাজনক-১৫ ইনিংসে মাত্র ২৯১ রান, গড় ২৪.২৫ ও স্ট্রাইক রেট ১৩৭.২৬; নেই কোনো ফিফটি বা সেঞ্চুরি।
অন্যদিকে, সদ্য শেষ হওয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ইশান কিষান। ঝাড়খণ্ডকে শিরোপা জেতানোর পথে অধিনায়ক হিসেবে তিনি ১০ ইনিংসে ৫১৭ রান করেন, গড় ৫৭.৩২ এবং স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ১৯৭.৩২। দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরির মধ্যে ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৪৯ বলে ১০১ রানের ইনিংসটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
ব্যাটিং বিভাগে রয়েছে শক্তিশালী সমাহার অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিঙ্কু সিং ও ইশান কিষান। অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, শিভম দুবে ও ওয়াশিংটন সুন্দর। সম্প্রতি আহমেদাবাদে শেষ টি–টোয়েন্টিতে হার্দিকের ২৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস ছিল নজরকাড়া।
বোলিং আক্রমণে তিন পেসার ও দুই স্পিনার রাখা হয়েছে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ, তার সঙ্গে আছেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভারতের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দল। ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ থেকে ১৮ জানুয়ারির ওয়ানডে সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), আক্সার প্যাটেল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, রিঙ্কু সিং




















