প্রচ্ছদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন

  নওগাঁ প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের গোলচত্বর মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মান্দা মিডিয়া সেন্টার।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন মান্দা মিডিয়া সেন্টারের উপদেষ্টা আব্দুল মালেক, সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি খ. ম. আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।

বক্তারা বলেন, প্রকাশ্যে যেভাবে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিকদের নয়, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলেছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচির আগে মান্দা মিডিয়া সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহত তুহিনসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বক্তারা তুহিনের পরিবার, বিশেষ করে তার এতিম সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে গাজীপুরের চান্দনা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন আসাদুজ্জামান তুহিন। একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতা করছিলেন তিনি। গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে।

আরও খবর

Sponsered content