স্টাফ রিপোর্টারঃ ২৩ ডিসেম্বর ২০২৫ , ৮:০৫:৪০ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব।”
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—বিএনপির এমন অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। দল ব্যবস্থা নিলে তো আমি কিছু করতে পারব না।”
তিনি আরও বলেন, “এত বড় দলকে (বিএনপি) অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করা হয়েছে, তাই তাদের আসন না দিলে জোট কীভাবে হবে? দল বাধ্য হয়েই তাদের আসন দিয়েছে।”
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দীর্ঘদিন ধরেই ব্যাপক আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধারণা তৈরি হয় যে, এই আসনটি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া হবে।
তবে দলীয় মনোনয়ন না পেলেও ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী তৎপরতা চালু রাখেন। বিভিন্ন সভা-সমাবেশে তিনি দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতটি নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী নয়বার অংশ নিয়ে তিনবার, নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবার অংশ নিয়ে একবার এবং স্বতন্ত্র প্রার্থী দুইবার বিজয়ী হয়েছেন।
বর্তমানে এই আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা ৫৭ হাজার ৭৪০ জন।





















