প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:০১:৩৩ প্রিন্ট সংস্করণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে গত এক যুগ ধরে কোনো অভ্যন্তরীণ অডিট কার্যক্রম পরিচালিত হয়নি। এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত তিন মাস আগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের আয়-ব্যয় সম্পর্কিত কোনো তথ্য শিক্ষকরা জানতে পারেন না। দীর্ঘদিন ধরে অডিট না হওয়ায় তহবিলের সঠিক হিসাব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একাধিকবার প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বরং নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফলে শিক্ষকরা বিদ্যালয়ের অর্থ আত্মসাতের শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্দেশে গত ২২ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার আল নাসরুম বিন আকন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ প্রদান করা হয়। তবে দুই মাস অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, “তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”
জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন বলেন, “এ বিষয়ে আমার নির্দিষ্ট কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে জানাতে পারবো।”
এ ঘটনায় শিক্ষক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















