সারাদেশ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো চট্টগ্রামের দুই ক্রীড়া সংগঠক

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)–এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার (৩০ নভেম্বর) কক্সবাজারে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩৬ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়।

প্রথা অনুযায়ী, সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বাকি পদগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ হয়।

এবারের নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন চট্টগ্রামের দুই বিশিষ্ট ক্রীড়া সংগঠক—সৈয়দ আবুল বশর এবং মো. শাহজাদা আলম। তারা নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এটাই প্রথমবার, কোনো একই নির্বাচনে চট্টগ্রাম থেকে দুইজন ক্রীড়া প্রশাসক বিওএর নির্বাহী কমিটিতে স্থান পেলেন।

সৈয়দ আবুল বশর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। তিনি বহুদিন ধরে চট্টগ্রামের ক্রীড়া প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালে সরকারের পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ক্রীড়া ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করলে সেই কমিটিতে স্থান পান সৈয়দ আবুল বশর। এবার তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠনগুলোর একটিতে জায়গা করে নিলেন।

অন্যদিকে মো. শাহজাদা আলম বাংলাদেশের কারাতে অঙ্গনে সুবিখ্যাত নাম। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ছাড়াও দীর্ঘদিন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন। সাবেক জাতীয় কারাতেকা শাহজাদা আলম ২০২৪ সালে সরকারের পরিবর্তনের পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন। এবারের নির্বাচনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে তার ক্রীড়া সংগঠক জীবন আরও এক ধাপ এগিয়ে গেল।

চট্টগ্রামের ক্রীড়া সম্প্রদায় এই অর্জনকে “ঐতিহাসিক” হিসেবে আখ্যা দিয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা জানিয়েছেন, সৈয়দ আবুল বশর ও শাহজাদা আলমের বিওএ নির্বাহী কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে।

আরও খবর

Sponsered content