প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১:৩২:৪২ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে পর্তুগাল। যেখানে জোড়া গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়া ‘দারুণ’ হবে।
৪১ বছর বয়সী রোনালদো, যিনি গ্রুপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ড্রয়ে ছন্দ খুঁজে পাননি। তবে মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ছয় মিনিটেই গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনি আরও একটি গোল করেন। এর মাঝখানে নুনো মেন্দেসের একটি ফ্রি-কিক থেকেও গোল আসে।
এ ছাড়া উজবেকিস্তানের আত্মঘাতী গোল এবং শেষ দিকে রাফায়েল লেয়াওয়ের গোল মিলিয়ে ৫-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল। এই জয়ে দলটি গ্রুপের শীর্ষে উঠে যায়।
রোনালদোর জোড়া গোলে আরেকটি ইতিহাসও তৈরি হয়। তিনি পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। একই সঙ্গে নকআউট পর্বে ওঠার পথেও এগিয়ে যায় পর্তুগাল, যেখানে ভাগ্যের সমীকরণে আর্জেন্টিনার বিপক্ষে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে রোনালদো ও মেসি কখনো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে একে অপরের মুখোমুখি হননি।
ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমি জানি না কীভাবে উত্তর দেব। তবে এটি অবশ্যই দারুণ হবে।’
তিনি আরও বলেন, ‘আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয় পাওয়া এবং পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হওয়া। মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরোনো, আর আমরা সেটি করতে পেরেছি।’
কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচের পর পর্তুগালের গণমাধ্যমে দলকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি শুরুর একাদশে রোনালদোর জায়গা নিয়েও প্রশ্ন উঠেছিল।
এ বিষয়ে রোনালদো বলেন, ‘এটি খুব কঠিন একটি সপ্তাহ ছিল। সবাই বিশেষ করে আমাকে এবং কোচ রবার্তো মার্তিনেজকে কঠোরভাবে সমালোচনা করেছে। কিন্তু এতে আমি বিচলিত নই।’
তিনি আরও বলেন, ‘আমি ২৩ বছর ধরে এই পেশায় আছি। যখন সবকিছু ভালো হয়, তখন সবাই বলে ক্রিস্টিয়ানো দুর্দান্ত খেলছে। আর যখন খারাপ হয়, তখন বলে সে শেষ হয়ে গেছে, সে খুব বেশি বয়সী। কিন্তু এমনটা সবসময়ই থাকবে। আজ আমরা মাঠে তার জবাব দিয়েছি।’
পরে মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে নিয়ে আরেকটি প্রশ্ন এলে রোনালদো কিছুটা বিরক্ত হয়ে সংক্ষিপ্তভাবে বলেন, ‘পরের প্রশ্ন।’
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল এবং দলের ঐক্য। বাইরে কী বলা হচ্ছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা জানি, জিততে না পারলে বিশেষ করে আমাকেই বেশি সমালোচনার মুখে পড়তে হয়।’
পর্তুগাল এখন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে শনিবার কলম্বিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য থাকবে তাদের।




















