প্রচ্ছদ

মান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১২:৩৩:৫১ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে পুকুরের পানিতে ডুবে এস এম ইমরুল কায়েস ওরফে মিনান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনান পার্শ্ববর্তী চকবালু গ্রামের বাসিন্দা ও দলিল লেখক এস এম আল এমরানের প্রথম সন্তান। সে দাসপাড়া সিনিয়র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মিনান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। পরদিন সকালে নানার বাড়ির পাশে ইমান হাজী নামের এক ব্যক্তির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরার সময় অন্যদের সঙ্গে মিনানও পানিতে নামে। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির মাধ্যমে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দলিল লেখক সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content