রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ২:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন আমবাড়ী বাজারে নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ভবনটি আগের স্থানেই নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ছিল। ইউনিয়নের ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় নতুন ভবনও ওই স্থানেই নির্মাণ করা উচিত।
তাঁদের আশঙ্কা, আমবাড়ী বাজারে নতুন ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের দূরবর্তী এলাকার বাসিন্দাদের সরকারি সেবা নিতে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হবে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি বাড়তে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন মাসুদ রানা বাবু মাস্টার, কৃষকদলের সভাপতি মমতাজ আলী মন্ডল, অধ্যাপক আমান আলী, আবু সাঈদ মন্ডল, মোস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার আলী নয়ন ও হাফেজ আজিজুর রহমান সুমনসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভবন স্থানান্তরের বিষয়ে সরকারি অনুমোদন, প্রশাসনিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের যৌক্তিকতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্তেরও দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে ইউনিয়নের ঐতিহ্য রক্ষা, সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির সুবিধা এবং জনস্বার্থ বিবেচনায় ১ নম্বর ওয়ার্ডের আগের স্থানেই নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, স্থানীয় বাসিন্দাদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মাণের স্থান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।





















