ঝিনাইদহ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৫:৪০ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র্যাব।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) সকালে র্যাব ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে বিশেষ এই টহল শুরু হয়। সেখান থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় র্যাবের সদস্যরা টহল, তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এ মহড়া বলে জানায় র্যাব।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী মত প্রকাশকে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকবো।




















