সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবস উদযাপন

  মেহেরপুর প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৫:১৫ প্রিন্ট সংস্করণ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন কার্যালয়, মেহেরপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পুরো জেলায় উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশ বিরাজ করছে।

আরও খবর

Sponsered content