প্রচ্ছদ

যশোরের ঝিকরগাছায় অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট, থানায় অভিযোগ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৪ আগস্ট ২০২৫ , ১১:৪১:০৬ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছায় যাত্রীবেশে অজ্ঞান করে ইজিবাইক থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গদখালী ইউনিয়নের টাওরা গ্রামের মো. সফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৩৯) ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মনোয়ারা বেগম ও তাঁর স্বামী পারিবারিক জরুরি কাজ শেষে পায়রাডাঙ্গা-জামতলা এলাকা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে একটি অজ্ঞাত ইজিবাইকে ওঠেন তারা। কিছু দূর যেতেই যাত্রীবেশে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি ইজিবাইকে ওঠে এবং হঠাৎ করেই ‘শয়তানের নিশ্বাস’ বা অজ্ঞান নাশক জাতীয় পদার্থ চেপে ধরে দু’জনকে অজ্ঞান করে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, অজ্ঞান অবস্থায় মনোয়ারা বেগমের পরিহিত একজোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের রুলি এবং আনুমানিক ৩ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় তাদেরকে বেনেয়ালী বাজারের পূর্ব পাশে একটি ফাঁকা স্থানে ফেলে যায় এবং অন্য একটি ইজিবাইকে করে সেখান থেকে সরিয়ে দেয়। পরে কোনো রকমে তারা বাড়িতে পৌঁছান এবং শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মনোয়ারা বেগম অভিযোগে উল্লেখ করেন, এই ঘটনার ফলে তার পরিবার চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে।


ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর

Sponsered content