আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশু ও শিক্ষকসহ নিহত ৩

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ৯:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেন এক প্রত্যক্ষদর্শী। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারী স্কুলের বন্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। পরে এক ব্যক্তি তাকে ধাওয়া করে স্কুলের ভেতরে যান এবং গুলি চালিয়ে হত্যা করেন।

নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে সে স্থানীয় বাসিন্দা ১৬ বছর বয়সী এক কিশোর বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তার সঙ্গে ওই বিদ্যালয়ের কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো জানা যায়নি। হামলাকারীকে গুলি করা ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পুলিশের মুখপাত্র শিলা মিলার সাংবাদিকদের জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে বিদ্যালয়টিতে বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে এক ব্যক্তি ফোন করে জানান, এক অজ্ঞাত বন্দুকধারী দীর্ঘ নলযুক্ত আগ্নেয়াস্ত্র দিয়ে তার গাড়িতে গুলি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে গুলির চিহ্নযুক্ত একটি লাল রঙের ট্রাক দেখা গেছে।

এর কয়েক মিনিট পর স্থানীয় জরুরি সেবা কেন্দ্রে একাধিক ফোন আসে। ফোনকারীরা জানান, বন্দুকধারী বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছে। পুলিশ জানায়, দরজার তালায় গুলি চালিয়ে জোরপূর্বক স্কুলে ঢোকে সে।

ঘটনাটি প্রত্যক্ষ করে এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং তাকে গুলি করেন। এর তিন মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে বিদ্যালয়জুড়ে তল্লাশি চালানো হয়।

স্থানীয় স্কুল জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা স্টিভেন কুক এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থহীন মর্মান্তিক ঘটনায় আমরা স্তম্ভিত ও শোকাহত। আমাদের সম্প্রদায় যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই।’

ঘটনার পর বেন্ড শহরের সব স্কুল শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোক কাটিয়ে ওঠার জন্য স্থানীয় বাসিন্দাদের সময় প্রয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলভার রেল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে ৪০ জনের বেশি প্রাপ্তবয়স্ক কর্মী রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বিদ্যালয়টিতে নতুন দরজা স্থাপন করা হয়েছিল। সুইচ উল্টালেই শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা ছিল সেগুলোতে।

যুক্তরাষ্ট্রের কে-১২ স্কুল শুটিং ডেটাবেসের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির বিভিন্ন স্কুলে ২৩৫টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছর এখন পর্যন্ত এ ঘটনা সহ অন্তত ১৪০টি এমন ঘটনা নথিভুক্ত হয়েছে।

আরও খবর

Sponsered content