আন্তর্জাতিক

তামিলনাড়ুতে বছরে ৩টি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ১২:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ

তামিলনাড়ুতে কল্যাণমূলক বেশ কিছু নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমবার রাজ্য বিধানসভায় দেওয়া বক্তব্যে যোগ্য ব্যক্তিদের বছরে তিনটি বিনা মূল্যের রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া এবং নারীদের বিনা ভাড়ায় বাসযাত্রার পরিধি বাড়ানোর ঘোষণা দেন তিনি।

নতুন রান্নার গ্যাস কর্মসূচির আওতায় যোগ্য সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে সরাসরি তিনটি গ্যাস সিলিন্ডারের অর্থ জমা দেওয়া হবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন।

এ ছাড়া নারীদের জন্য চালু থাকা বিনা ভাড়ায় বাসযাত্রা কর্মসূচি আরও বিস্তৃত করতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন বিজয়। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী থেকে এই কর্মসূচি কার্যকর হবে। ভারতীয় বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রকল্পের আওতায় মহানগর ও শহরাঞ্চলে চলাচলকারী সরকারি এক্সপ্রেস, এলএসএস ও ডিলাক্স বাসে নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। আন্তজেলা যাত্রার ক্ষেত্রে মফস্বল ও পাহাড়ি এলাকায় চলাচলকারী সাধারণ ভাড়ার সরকারি বাসে এই সুবিধা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, এই সুবিধা পেতে নারীদের জন্য কোনো আয়সীমা নির্ধারণ করা হবে না। একই সঙ্গে দিনে বা মাসে কতবার বাসে যাতায়াত করা যাবে, তারও কোনো সীমা থাকবে না। তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও এই বিনা ভাড়ার বাসযাত্রা সুবিধার আওতায় থাকবেন।

বিজয় বলেন, নারীদের বিনা ভাড়ায় বাসযাত্রার সুবিধা নিতে আয়সীমা কিংবা যাত্রার সংখ্যার কোনো শর্ত থাকবে না।

এর আগে নির্বাচনী ইশতেহারে একাধিক জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়। এর মধ্যে ছিল প্রতিটি পরিবারকে বছরে ছয়টি বিনা মূল্যের এলপিজি সিলিন্ডার, সর্বোচ্চ ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ, ৬০ বছরের কম বয়সী নারীদের মাসে ২ হাজার ৫০০ রুপি আর্থিক সহায়তা এবং সর্বোচ্চ ২৫ লাখ রুপি পর্যন্ত পারিবারিক স্বাস্থ্যবিমার সুবিধা।

নতুন ঘোষণাগুলো তামিলনাড়ুর নিম্ন ও মধ্য আয়ের পরিবার এবং নারীদের জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি গণপরিবহনে তাদের চলাচল আরও সহজ করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content