মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২১ মে ২০২৬ , ৭:২৪:৫৭ প্রিন্ট সংস্করণ
রংপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি দমন, ওয়ারেন্ট তামিল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জামানের নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে ১০ জনকে আটক করেছে। এর মধ্যে মাদক সেবনের দায়ে ৬ জন এবং চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ধাপ কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করা হয়। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানা পৃথক অভিযানে আরও ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অশালীন আচরণ, সন্দেহজনক ঘোরাফেরা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
পশ্চিম মুলাটোল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে একজনকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া পরশুরাম থানা ২ জন, মাহিগঞ্জ থানা ৩ জন এবং তাজহাট থানা ৫ জনকে আটক করেছে। তাজহাট এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, “মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”





















