প্রচ্ছদ » প্রচ্ছদ » রংপুর বিভাগের ১৩ স্কুলে কেউ পাস করেনি
রংপুর বিভাগের ১৩ স্কুলে কেউ পাস করেনি
মো: সাকিব চৌধুরী ১০ জুলাই ২০২৫ , ১০:৩১:৩৭প্রিন্ট
সংস্করণ
রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৮ জন।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিদ্যালয়গুলো হচ্ছে – রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। পাসের হার নেমে এসেছে ৬৭.০৩ শতাংশে, যা গত বছরের তুলনায় ১১.৪ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী- যা গত বছরের তুলনায় ৩ হাজার ৪৩ জন কম। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ২ হাজার ৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন, আর ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন। গড়ে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। রংপুর বিভাগের আট জেলার দুই হাজার ৭৮২টি বিদ্যালয়ের মধ্যে শুন্য পাসের হার বিদ্যালয়ের সংখ্যা ১৩টি। গত বছর যেখানে শতকরা ১০০% প্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল ৭৭টি, এবার তা নেমে এসেছে ৪৮টিতে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র ৭ হাজার ৫১৬ জন। এবারও মেয়েরা ছেলেদের চেয়ে সামগ্রিকভাবে ভালো ফল করেছে।