
আমি এক ঠোঁটকাটা স্বভাবের প্রতিবাদী লোক ছিলাম,
অন্যায়ের মুখে তুলে ধরতাম খোলা বাক্য-তীর।
শব্দ ছিল অস্ত্র, প্রতিবাদ ছিল শপথ,
ভয়কে জয় করে বলতাম—”আমি এখনও বেঁচে আছি।”
কিন্তু সময়…
সে ধীরে ধীরে কেটে নিয়েছে আমার ডানাগুলো,
শব্দগুলো যেন জমে গেছে গলার কোথাও,
আমি এখন স্বল্পভাষী,
নিশ্চুপ হয়ে বসে থাকি নিজের ছায়ার পাশে।
সময় আমাকে নিশ্চুপ হতে বাধ্য করেছে,
নিস্তব্ধতা এখন আমার নিত্যসঙ্গী,
ভিতরে গুমরে ওঠে আগুন,
কিন্তু বাহিরে শুধু শান্ত ছাইয়ের স্তূপ।
সময়টা বড় অস্থির…
চারপাশে কেবল শব্দের কোলাহল,
কিন্তু কথা নেই—সত্য নেই—অর্থহীন উচ্চারণে ভরে আছে বাতাস।
আমি চুপচাপ দেখি, শুনি, বুঝি—
আর ভেতরে গড়ে তুলি এক নীরব অভ্যুত্থান।
ডুকরে ডুকরে কেঁদে যাই আমার অভাগা দেশের জন্য …।