প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ১:১৫:২০ প্রিন্ট সংস্করণ
মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চালু হলো ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI in Journalism) শীর্ষক নতুন একটি যুগোপযোগী কোর্স। স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টার পদ্ধতির নতুন কারিকুলামের অংশ হিসেবে এই কোর্স যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিভাগের ১২৩নং কক্ষে নতুন কারিকুলাম নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুল। সভায় মাস্টার্সের শিক্ষার্থীদের পাশাপাশি কারিকুলাম প্রণয়ন কমিটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রফেসর বকুল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “এই নতুন যাত্রা শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তুলবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সাংবাদিকতার সমন্বয় এখন সময়ের দাবি।”
পরবর্তীতে কারিকুলাম কমিটির আহ্বায়ক ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিস্টার পদ্ধতির কাঠামো, কোর্স রেজিস্ট্রেশন, ক্রেডিট বণ্টন, পরীক্ষা ও গ্রেডিং পদ্ধতি এবং গবেষণাপত্র সংক্রান্ত নিয়মাবলি তুলে ধরেন।
তিনি বলেন, “বর্তমান মিডিয়া ইকোসিস্টেমে প্রযুক্তির বিকাশ দ্রুত ঘটছে। সেই বিবেচনায় এবার আমরা ‘AI in Journalism’ কোর্সটি যুক্ত করেছি, যাতে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, ব্যবহার ও চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে।”
তিনি আরও জানান, কোর্স কাঠামোতে ডিজিটাল মিডিয়ার রূপান্তর (Digital Transformation of Media) এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো আধুনিক বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্ভাবনী এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা শিক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















