শিক্ষা ও শিক্ষাঙ্গন

শহীদ সাজিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জবি উপাচার্যের দায়িত্ব পালন শুরু

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬ , ১১:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ টাঙ্গাইলে শহীদ সাজিদের গ্রামের বাড়িতে যান।

সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল ঢাকার ক্যাম্পাস থেকে রওনা হয়ে টাঙ্গাইলে পৌঁছে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন। এ সময় তারা তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত সন্তান। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন ইকরামুল হক সাজিদ। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও খবর

Sponsered content