বিনোদন

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর আসছে ‘লিম্বো’

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১২:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’র পর নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা তানিম রহমান অংশু। আজ মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে তার এই ঘোষণা। সিনেমার নাম রাখা হয়েছে ‘লিম্বো’।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, দুটি হাত- যার একটি মেহেদী রাঙানো। পোস্টারের নকশা ও আবহ রহস্যময় হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টারের সঙ্গে অংশু লিখেছেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়…।’

নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’। তবে সিনেমার গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণসংক্রান্ত অন্য কোনো তথ্য এখনও প্রকাশ করেননি তিনি।

বিস্তারিত জানতে অংশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পোস্টার ও সিনেমার নাম প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘লিম্বো’ হতে পারে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর (সায়েন্স ফিকশন) সিনেমা। পাশাপাশি এতে অতিপ্রাকৃত বা রহস্যঘন উপাদানেরও উপস্থিতি থাকতে পারে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেননি নির্মাতা।

আরও খবর

Sponsered content