বিনোদন

শুটিং ফ্লোরে নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১২:১৯:২৫ প্রিন্ট সংস্করণ

প্রায় ছয় বছরের দীর্ঘ প্রস্তুতি, চিত্রনাট্য পরিমার্জন আর আন্তর্জাতিক পরিমণ্ডলে তহবিল সংগ্রহের পালা শেষ করে অবশেষে শুটিং ফ্লোরে গড়িয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। আজ বৃহস্পতিবার থেকে ঢাকার ২০টি ভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করেছেন জানতে চাইলে নুহাশ বলেন, ‘আমরা এখনো অভিনয়শিল্পীদের নাম বলিনি। এটা আমরা সময় নিয়ে ঘটা করে জানাতে চাই।’

তবে প্রথম সিনেমায় কোনো জনপ্রিয় তারকা থাকছেন না বলে নিশ্চিত করেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তার ভাষ্য, ‘সিনেমার প্রধান চরিত্র নতুন মুখ। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার অডিশন নিয়ে চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’

প্রথম সিনেমা প্রসঙ্গে নুহাশ বলেন, ‘পাঁচ থেকে ছয় বছর ধরে কাজটি করছি শুধু নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। চিত্রনাট্য, বাজেট ও গল্পের ডেভেলপমেন্টের কারণে সময় লেগেছে। চাইলে দ্রুত কাজ করা যেত কিন্তু প্রথম সিনেমায় নিজের মতো সময় নিয়েছি। এখন কাজটা পরিকল্পনামতো পর্দায় তুলে ধরতে চাই।’

‘মুভিং বাংলাদেশ’ সিনেমার সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক প্রযোজক ও একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। এর চিত্রনাট্য বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব থেকে তহবিল পেয়েছে। সিনেমাটি ২০২১ সালে প্রথম তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পায়। পরে সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় ২৫ লাখ টাকা। শুধু তাই নয়, সিনেমাটি টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে।

মে মাসের মাঝামাঝি পর্যন্ত সিনেমাটির শুটিং চলবে বলে জানা গেছে। পরে টানা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করতে চান নির্মাতা।

এদিকে, স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুহাশ হুমায়ূন। এছাড়াও ‘পেট কাটা ষ’, ‘দুই ষ’র মতো প্রশংসিত ওয়েব সিরিজ নির্মাণ করেন। এর মধ্যে ‘পেট কাটা ষ’ আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পায়। লন্ডনের ‘রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে’ সেরা সিরিজের পুরষ্কার পেয়েছে এটি। তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ ১০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এটি অস্কারে যাওয়া বাংলাদেশের প্রথম সিনেমা।

আরও খবর

Sponsered content