সারাদেশ

শ্রীপুরে স্কুল পর্যায়ে সিপিআর বিষয়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৪:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলার সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার সকালে স্কুল পর্যায়ে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) বিষয়ে অবহিতকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সিপিআরের পাশাপাশি মাদকাসক্তি, ভেপিংয়ের ঝুঁকি (ই-সিগারেট), বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন ও তার করণীয়, স্মার্টফোন আসক্তি, নিপাহ ভাইরাসের প্রতিকারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় পাঁচজন ইন্টার্নি চিকিৎসক শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।

এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টার্নি চিকিৎসক ডা. নজরুল ইসলাম, ডা. মাহমুদা আক্তার পুষ্প, ডা. ইকরাম খান, ডা. রাহাত বিন ইউনুস, ডা. প্রিয়া ধর এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) তুষার কান্তি ঢালী।

অনুষ্ঠানে ডা. জুলি চৌধুরী ছাত্রীদের উদ্দেশে বলেন,
“প্রতিবছর সিপিআর প্রয়োজন এমন রোগীর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি ভেপিং বা ই-সিগারেট ব্যবহারের ফলে হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির মারাত্মক ক্ষতি হচ্ছে এবং অল্প সময়েই তা জীবনের জন্য হুমকি হয়ে উঠছে। এই ঝুঁকি থেকে বর্তমান প্রজন্মকে বের করে আনাই আমাদের মূল লক্ষ্য।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডল বলেন,
“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্টার্নি চিকিৎসকরা সিপিআরসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ে ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কর্মশালা প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করা হলে শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হবে।”

কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content