প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৬:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি নিতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। সংস্কারবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী বা ইতিহাসের দায়ভার থাকা কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। গণভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি বিদ্যমান সংবিধানের আলোকে এ আদেশ স্বাক্ষর করতে পারবেন না, কারণ এটি সাংঘর্ষিক হবে। কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকলে আমরা তাতে স্বাক্ষর করবো না।”
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন, “ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। ১৪ দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শাপলা প্রতীক না পাওয়া প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক অভিযোগ করে বলেন, “নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। রাজনৈতিকভাবে প্রয়োজনে রাজপথে নেমে প্রতীক আদায় করা হবে।”





















