আন্তর্জাতিক

ফেনীতে দ্বিতীয় জেলা কারাগারের কার্যক্রম শুরু

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: ১ নভেম্বর ২০২৫ , ১১:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো জেলার দ্বিতীয় কারাগার। শনিবার (১ নভেম্বর) সকালে ফেনী কারাগার-১ থেকে ২১ জন বন্দিকে স্থানান্তরের মধ্য দিয়ে নতুন এই কারাগারের কার্যক্রম উদ্বোধন করেন জেল সুপার মো. দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় কারা কর্মকর্তারা ফুল দিয়ে বন্দিদের নতুন কারাগারে পাঠান।

এর আগে পুরাতন জেলা কারাগার ভবনকেই ‘ফেনী কারাগার-২’ হিসেবে ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত মোট ১৮০ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দিকে পাঠানো হচ্ছে।

ফেনী কারাগার-২ এ মোট ১৯ পদে ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে, এর মধ্যে জেল সুপারসহ ৭৩ জন ইতোমধ্যে যোগদান করেছেন।

জেল সুপার মো. দিদারুল আলম বলেন, “ছয় জেলার কারাগার থেকে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দিকে স্থানান্তর করা হচ্ছে। বন্দিদের থাকার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেয়াল উঁচু করা ও কাঁটাতার লাগানোসহ কিছু কাজ বরাদ্দ পেলেই শেষ করা হবে।”

তিনি আরও জানান, বন্দিদের খাবার প্রস্তুতের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে রান্নায় অভিজ্ঞ ২৪ জন বন্দিকে বৃহস্পতিবার দুপুরে ফেনীতে আনা হয়েছে।

উল্লেখ্য, ১৯১৫ সালে ফেনী শহরের মাস্টারপাড়ায় দেড় একর জমির ওপর উপ-কারাগার হিসেবে প্রথম ফেনী কারাগার প্রতিষ্ঠিত হয়, যার ধারণক্ষমতা ছিল মাত্র ১৭২ জন। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে শহরতলীর কাজীরবাগ মৌজায় সাড়ে সাত একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণ শুরু হয়। ২৮টি ভবন বিশিষ্ট ওই নতুন কারাগারে ৩৫০ জন বন্দি ধারণের সক্ষমতা রয়েছে। ২০১৯ সালের ১২ জানুয়ারি সেখানে বন্দি স্থানান্তর করা হয়।

আরও খবর

Sponsered content