শিক্ষা ও শিক্ষাঙ্গন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে “কারিগরি শিক্ষার মানোন্নয়নে নৈতিক মূল্যবোধ এবং প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে এবং মো. হাসান আলী, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার টেকনোলজি) ও দেবজানি তরফদার, ইন্সট্রাক্টর (নন-টেক) এর যৌথ সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর মো. মাহবুব আলম জুই এবং গীতা পাঠ করেন ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর বিমল রায়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং কারিগরি শিক্ষা সেই অধিকারের অন্যতম প্রধান স্তম্ভ। অনগ্রসর ও উন্নয়নশীল দেশকে দ্রুত উন্নত করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তারা আরও বলেন, কারিগরি শিক্ষার মানোন্নয়নে নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একই মঞ্চে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা।

কর্মশালায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে নিহত শহিদদের এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও একাডেমিক ইনচার্জ মো. ইকবাল চৌধুরী। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইলেকট্রনিক্স টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৮ম পর্বের শিক্ষার্থী সালেহীন।

এ সময় ইনস্টিটিউটের উপাধ্যক্ষ, বিভিন্ন টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানগণসহ সকল টেকনোলজির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content