মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ জুন ২০২৬ , ১১:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৬ জুন) সকালে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি মাধবপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















