সারাদেশ

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতায় কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার : ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ হাসেম আলী। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। এতে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার কাবাডি ও ভলিবল দল অংশগ্রহণ করে। দিনভর চলা খেলায় খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। উত্তেজনাপূর্ণ এসব খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

দুপুরের পর অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাবাডিতে সদর উপজেলা ও হরিণাকুন্ডু উপজেলা মুখোমুখি হয়। জমজমাট ম্যাচে ২৪–১৪ পয়েন্টে হরিণাকুন্ডু উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা কাবাডি দল।

অন্যদিকে ভলিবলের ফাইনালে ২৫–১১ পয়েন্টে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুন্ডু উপজেলা দল।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।

আরও খবর

Sponsered content