সারাদেশ

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আরিফুল ইসলাম সরদার

  নেত্রকোনা : ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:২০:৪৭ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌর প্রশাসনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনে রূপ দিতে দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রশাসক আরিফুল ইসলাম সরদার। দায়িত্ব গ্রহণের পরপরই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁর নির্ভীক, নিরহংকার ও সদালাপী ব্যক্তিত্ব ইতোমধ্যে পৌরবাসীর নজর কাড়তে সক্ষম হয়েছে।

সরকারের নীতিমালা ও এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে তাঁর নেতৃত্বে পৌর প্রশাসন সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা এনে ব্যাপক সুনাম অর্জন করেছে। পৌরসভার কোনো সেবা পেতে বঞ্চিত হলে সরাসরি প্রশাসকের মোবাইল নম্বরে অভিযোগ জানানোর সুযোগ থাকায় সেবাগ্রহীতাদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

নেত্রকোনা পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বর্তমান প্রশাসক। দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকায় বহু অবৈধ ব্যবসা কার্যক্রম বন্ধের পথে রয়েছে। সাধারণ মানুষ প্রয়োজনে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন—এমন ঘটনা বিরল নয়। সাক্ষাৎপ্রার্থীদের কুশলাদি জিজ্ঞাসা করে সমস্যা ও দুর্ভোগের কার্যকর সমাধানে আন্তরিকভাবে কাজ করাই তাঁর প্রশাসনিক বৈশিষ্ট্য। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোও তাঁর কাজের অন্যতম অংশ।

সংক্ষিপ্ত জীবন ও কর্মপরিচয়

আরিফুল ইসলাম সরদার ১৯৮৩ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তাগ্রাম এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আ. স. ম. মঈনুদ্দিন সরদার এবং মাতা মমতাজ বেগম।

তিনি ১৯৯৭ সালে যশোর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০০৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২৩ সালে এরাসমাস ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে সার্টিফিকেট ডিপ্লোমা সম্পন্ন করেন।

২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১১ সাল থেকে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় (আশ্রয়ন প্রকল্প) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বর্তমানে ৭ জানুয়ারি ২০২৫ সাল থেকে তিনি নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

দেশে ও বিদেশে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে একাধিক পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি—যার মধ্যে রয়েছে বিসিএস প্রশাসন একাডেমি, বিপিএটিসি, বিআম ফাউন্ডেশন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, বার্ড কুমিল্লা এবং ভারতের NCGG-তে মিড-কারিয়ার প্রশিক্ষণ।

প্রশাসকের বক্তব্য

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, b “আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে মানুষের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

নেত্রকোনা পৌরবাসীর প্রত্যাশা, এমন মানবিক ও দক্ষ প্রশাসনের মাধ্যমে পৌরসভা আরও আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নেবে।

আরও খবর

Sponsered content