ফেনীতে স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাস কক্ষেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে ফুলগাজী উপজেলার বাসিন্দা আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। পরে তিনি জানতে পারেন, আকবরের আগের সংসারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়।
মোহনার অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি।
রোববার মামলার শুনানিতে মোহনা ও তার স্বামী আকবর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত আকবর হোসেনকে জামিন দিলে ক্ষোভ ও হতাশায় আদালত কক্ষেই বিষপান করেন মোহনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষপানের পর তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত আইনজীবী, পুলিশ সদস্য ও আদালতের কর্মকর্তারা দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
মামলার বাদীপক্ষের আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, “দীর্ঘদিনের পারিবারিক কলহ, নির্যাতন ও বিচার না পাওয়ার হতাশা থেকেই মোহনা এমন পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
হাসপাতালে চিকিৎসাধীন মোহনা বলেন, “দুই বছর প্রেমের সম্পর্কের পর আকবর আমাকে বিয়ে করে। বিয়ের আগে আমি জানতাম না, তার স্ত্রী-সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমি নির্যাতনের শিকার হয়েছি। আদালতে ওঠার আগেই আমি তাকে বলেছিলাম, আজ বিষ খাব।”
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকনউদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে মোহনাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”