প্রচ্ছদ

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা : প্রাণ গেল এক জনের, আহত ১

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ১:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আয়াদ আবইয়াদ জেন (ভালুকা, ময়মনসিংহ) নামের অপর আরোহী গুরুতর আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, “ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ও সিলেটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, এনায়েতের মরদেহ হাসপাতাল থেকে হেফাজতে নেওয়া হবে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও পিকআপ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী দুর্ঘটনাকবলিত স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content