প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১:০৫:০৪ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ওএমআর মেশিনের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত মোট ১৩টি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে বড় ব্যবধানে লিড দিচ্ছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের অডিটোরিয়ামে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ১৩টি বিভাগের (ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অণুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা, বায়োকেমিস্ট্রি, দর্শন, প্রাণিবিদ্যা ও মার্কেটিং) সম্মিলিত ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।
১৩টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ১,৪৫৭ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১,৩৫৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র ৯৮ ভোটের। বিশেষ করে প্রাণিবিদ্যা বিভাগে দুই প্রার্থীই সমান ১২৮টি করে ভোট পাওয়ায় লড়াই আরও জমে উঠেছে।
তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে একক আধিপত্য দেখাচ্ছে ছাত্রশিবির। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১,৪১০ ভোট পেয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। তার বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র ৭২৩ ভোট। একইভাবে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ১,৩৪৩ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদলের তানজিল পেয়েছেন ১,১৫৮ ভোট।
বিভাগওয়ারী উল্লেখযোগ্য ফলাফল –
* ফিন্যান্স ও দর্শন: এই দুটি বিভাগে ভিপি ও এজিএস পদে ছাত্রদল বড় ব্যবধানে জয়ী হয়েছে। ফিন্যান্স বিভাগে রাকিব পেয়েছেন ২৩১ ভোট এবং দর্শন বিভাগে ১৭৫ ভোট।
* মার্কেটিং ও সিএসই: এই বিভাগগুলোতে ভিপি ও জিএস উভয় পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। মার্কেটিং বিভাগে রিয়াজুল ইসলাম ২০০ ভোট পেয়ে জয়ী হন।
* চারুকলা ও মওলানা ভাসানী ব্রিগেড: চারুকলা অনুষদে জিএস পদে চমক দেখিয়েছেন মওলানা ভাসানী ব্রিগেডের ইভান তাহসীভ। তিনি সেখানে সর্বোচ্চ ৯৯ ভোট পেয়েছেন।
এদিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৩টি বিভাগের ফলাফল আসায় এখনো ২৬টি কেন্দ্রের ফলাফল আসা বাকি। বড় বিভাগগুলোর ভোট গণনা এখনো শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ওএমআর মেশিনে যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকায় আজ সন্ধ্যার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিভাগের ফলাফল ম্যানুয়ালি ক্রস-চেক করে তবেই প্রকাশ করা হচ্ছে।




















