প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৬:১৮:২৮ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এর আগে বেলা ৩টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।পরে ৩টা ২০ মিনিটে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা। এ ছাড়া দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতেও এই দাবিগুলো উল্লেখ করা হয়।
তিন দফা দাবিগুলো হলো দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে; সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে।














