প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:১১:৪২ প্রিন্ট সংস্করণ
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৩৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। তারা এ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফল দেখতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।




















