মো: সাকিব চৌধুরী, রংপুর প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৫:২৬ প্রিন্ট সংস্করণ
রংপুরে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধারসহ অটোচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন—রংপুর নগরীর মুন্সিপাড়ার রহমতুল্লাহর ছেলে রাকিবুল ইসলাম (২৫), তোফাজ্জল হোসেনের ছেলে মো. মজনু (৪০), গংগাচড়া উপজেলার মৌলভীবাজার এলাকার আশরাফের ছেলে বাবুল (৫০), আবেদ আলীর ছেলে মাসুদ রানা ওরফে পনির (৩৮) এবং সোলায়মান মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০)।
পুলিশ জানায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোমস্তাপাড়ার বাধন ছাত্রাবাসের সামনে জহুরুল ইসলাম তার অটোরিকশা রাস্তার পাশে রেখে খাবারের জন্য বাসায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন অটোরিকশাটি নেই। পরে তিনি বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
তদন্তে নেমে এসআই মজিবর রহমান ও এএসআই শাহাদুল ইসলামের নেতৃত্বে পুলিশ নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে রাকিবুল ও মজনুকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির কথা স্বীকার করে এবং তাদের তথ্য অনুযায়ী গংগাচড়ার আরাজি নিয়ামত মৌলভীবাজারের রুহুল আমিনের বাড়ি থেকে চুরি যাওয়া অটো উদ্ধার করা হয়।
অভিযানে অটোরিকশার খোলা যন্ত্রাংশ, ৪টি ব্যাটারি ও আরও একটি চোরাই অটো জব্দ করা হয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, “অটো চুরির মামলার পর দ্রুত অভিযান চালিয়ে চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”




















