নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে খেলতে বের হয় সৌরভ। এসময় বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
সৌরভের বাবা সুভেন দেবনাথ অভিযোগ করে বলেন, “প্রথমে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পাঠান। সেখানে পৌঁছানোর ৫ মিনিট পরই আমার ছেলেকে মৃত ঘোষণা করা হয়।”
প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, “সাপে কামড় শনাক্ত করতে না পারায় উপজেলা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক চিকিৎসার পরপরই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন হাসপাতালে আছে, তবে রোগীর অবস্থা বিবেচনা করে দেওয়া হয়। ঘটনাটি রাতের হওয়ায় বিস্তারিত তথ্য আমি ইমারজেন্সি থেকে জেনে বলতে পারব।”
বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসী সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





















