লাইফস্টাইল

রাবিতে রাকসু নির্বাচন ঘিরে চরম উত্তেজনা, শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটল ছাত্রদল

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৯:৩৩:৫৫ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (৩১ আগস্ট) চরম উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হয় শাখা ছাত্রদল। প্রায় তিন ঘণ্টা অচলাবস্থার পর দুপুর ২টা থেকে পুনরায় শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।

সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১০টার দিকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদল। এসময় তারা ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী ফরম নিতে গেলে ছাত্রদলের বাধার মুখে পড়েন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে ১০ মিনিটের আল্টিমেটাম দেন তালা খুলে দেওয়ার জন্য। নির্ধারিত সময়েও তালা না খোলায় তারা একজোট হয়ে তালা ভেঙে দেন।

তালা ভাঙার পর শিক্ষার্থীরা ছাত্রদলবিরোধী স্লোগান দেন। পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রদলও। এসময় দুই পক্ষের মধ্যে পানির বোতল ও জুতা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের মিছিল আসায়। তাদের উপস্থিতিতে ফের পিছু হটে ছাত্রদল।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। তারা শিক্ষার্থীদের শান্ত করতে এগিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দেন।

অবশেষে প্রায় চার ঘণ্টা অচলাবস্থার পর দুপুর ২টা থেকে ফের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “সকাল থেকে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তারা জানিয়েছেন, কোনো একক সংগঠনের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। সব সংগঠন একসাথে প্রস্তাব দিলে তা বিবেচনা করা যাবে। এছাড়া তপশিল ঘোষণার সময় প্রথমবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হয়নি, তাই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়।”

আরও খবর

Sponsered content