লাইফস্টাইল

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২

  পঞ্চগড় প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ২:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের সদর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় জামায়াত নেতাসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৈত্রী চা কারখানার সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অমরখানা ইউনিয়ন শাখার সভাপতি আহমদ আলী (৫৫) এবং সদর ইউনিয়নের জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)।

আহতরা হলেন— নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০), অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫) ও কাজীরহাট এলাকার দবিরুল ইসলামের মেয়ে প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আহমদ আলীসহ চারজন যাত্রী ইজিবাইকে করে পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে পঞ্চগড়মুখী ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলী ও ইয়াসিন আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাদেকুল ও প্রিয়াকে সদর হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুল আরেফিন সুজন বলেন, “দুর্ঘটনার পর পাঁচজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত তিনজনের মধ্যে এক জনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, “নিহতদের মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। জব্দ হওয়া গাড়িগুলো থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও খবর

Sponsered content