হবিগঞ্জ প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১২:২৫:০০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ পাচারের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মুসি বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে কালবেলা প্রতিনিধি মুজাহিদ মুসি ও বাংলা টাইমস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ খবর পান যে উদ্যানে চারটি বড় সেগুন গাছ কেটে পাচার করা হয়েছে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। ঘটনাস্থলের ছবি তুলতে গেলে সাতছড়ি রেঞ্জের বিট অফিসার মামুনুর রশীদ (৫০), জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদ (৪২) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালান।
এসময় মামুনুর রশীদ সাংবাদিক মুজাহিদ মুসিকে শক্ত করে ধরে রাখেন এবং নূর মোহাম্মদ তার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। মুসি হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে গুরুতর জখম হয়। অন্যদিকে মামুনুর রশীদ সাংবাদিক ত্রিপুরারী দেবনাথের হাতে থাকা একটি DSLR ক্যামেরা (মূল্য প্রায় ৭০ হাজার টাকা), নগদ ২ হাজার ৬০০ টাকা এবং মানিব্যাগ ছিনিয়ে নেন।
এ বিষয়ে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, “আমি বিষয়টি জেনেছি। সাংবাদিকদের উপর হামলা করা ঠিক হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।




















