ইব্রাহিম সবুজ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর ১৭ অক্টোবর ২০২৬ , ১:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর নতুন বাজার ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইয়াংস্টার ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলেভেন স্টার ফুটবল ক্লাব।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উত্তর রমজানপুর নতুন বাজারসংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইলেভেন স্টার দলের অধিনায়ক নাহিদ এবং ইয়াংস্টার দলের অধিনায়ক তুষার নিজ নিজ দলকে নেতৃত্ব দেন। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইলেভেন স্টার।
টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের উপস্থিত থাকার কথা ছিল। তবে বিশেষ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রতিনিধি ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম হাওলাদার।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় শহিদুল ইসলাম হাওলাদার বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। উত্তর রমজানপুর নতুন বাজারের এ আয়োজন এলাকার তরুণদের সুসংগঠিত ও ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকেরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শিরোপা উদ্যাপন করেন।





















