অপরাধ

মাধবপুরে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ১১:০০:২০ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহল দল সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় রাত আনুমানিক তিনটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশিকালে ট্রাকের ওপরের পাথরের নিচে বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে বিজিবি সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

আরও খবর

Sponsered content