কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ , ১০:৪০:১২ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হুমায়ুন কবির (৫৩)। তিনি দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেফতার হওয়া অন্যরা হলেন—নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২) এবং আবুল সামাদের ছেলে সেলিম (২২)।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কিশোরগঞ্জ বাজার এলাকা থেকে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়। একই রাতে পৃথক অভিযানে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রাম থেকে চারজন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। এছাড়া নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোন যাচাই করে একজনের ফোনে ভিসা প্রতারণা এবং পাঁচজনের ফোনে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার জেলা কারাগারে পাঠানো হয়।
ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




















