আন্তর্জাতিক ডেস্ক ৩ মে ২০২৫ , ১০:৫২:২৪ প্রিন্ট সংস্করণ
ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলকে রাজ্যের পূর্বাঞ্চলে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের আটকানো থেকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। এ আদেশ জানুয়ারিতে কার্ন কাউন্টিতে পরিচালিত তিনদিনের এক অভিযানের পর আসে। ওই অভিযানে কৃষিশ্রমিক ও দিনমজুরদের রাস্তাঘাট, দোকানের সামনে এবং পার্কিং লটে থামিয়ে আটক করা হয়।
গত মঙ্গলবার বিচারক জেনিফার থার্স্টন রায়ে বলেন, ‘আপনি শুধু গায়ের রঙ বাদামি দেখে কাউকে থামাতে পারেন না। ভবিষ্যতে এ ধরণের অভিযান চালাতে হলে এজেন্টদের যুক্তিসঙ্গত সন্দেহ বা ওয়ারেন্ট থাকতে হবে।’
এ মামলাটি করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে। তাদের অভিযোগ, অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনী লঙ্ঘন করেছে, যা অযৌক্তিক তল্লাশি ও গ্রেফতারের বিরুদ্ধে সুরক্ষা দেয়।
বিচারক থার্স্টন বলেন, এসব আচরণ বিচ্ছিন্ন নয় বরং বিস্তৃতভাবে ঘটেছে। তিনি এজেন্টদের চতুর্থ সংশোধনী নিয়ে নতুন করে প্রশিক্ষণ দেওয়ার সরকারি যুক্তিও নাকচ করে দেন।
এমআই




















