প্রচ্ছদ » সারাদেশ » তেঁতুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
তেঁতুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: ৫ এপ্রিল ২০২৬ , ৯:২৪:২৩প্রিন্ট
সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও গবাদিপশুসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে তইরুল, শাহাদাৎ ও মিলনের ঘরবাড়ি গ্রাস করে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘর থেকে কোনো আসবাবপত্র বা গুরুত্বপূর্ণ দলিলপত্র বের করার সুযোগ পাওয়া যায়নি। এমনকি গোয়ালঘরে থাকা বেশ কয়েকটি গরু ও ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, “চৌধুরীপাড়া গ্রামের এই অগ্নিকাণ্ডের খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। গবাদিপশুসহ কষ্টার্জিত সহায়-সম্বল হারিয়ে পরিবারগুলো আজ দিশেহারা। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন তাদের এই শোক সইবার ধৈর্য দান করেন এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর তৌফিক দেন। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করব।”
এদিকে স্থানীয় এলাকাবাসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।