নিজস্ব প্রতিবেদক, মাস্কাট ২৭ মে ২০২৫ , ১১:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ
ওমানে ঈদুল আযহা ২০২৫ ঘিরে কুরবানির পশুর বাজার ইতিমধ্যেই জমে উঠেছে। রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলের বাজারগুলোতে গরু, ছাগল, ভেড়া ও উট কেনাবেচা শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা কুরবানির জন্য উপযুক্ত পশু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
ওমান সরকার জানিয়েছে, চলতি বছর ঈদ ও রমজান উপলক্ষে দেশব্যাপী ৩৫৯,১৫০টি পশু আমদানি করা হয়েছে। এর মধ্যে ৩৩২,৭০০টি ছাগল ও ভেড়া এবং ২৬,৪৫০টি গরু রয়েছে। বাজারে পশুর সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, মাস্কাটের আল-মাওয়ালেহ সেন্ট্রাল মার্কেট ও নিজওয়ার ঐতিহ্যবাহী লাইভস্টক সুকে প্রতিদিন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি শুক্রবার সকালে নিজওয়া বাজারে জমজমাট গরু ও ছাগলের নিলাম চলছে। ঈদের আগে এসব বাজারে ব্যাপক বেচাকেনা হবে বলেই ধারণা করছেন বিক্রেতারা।
এছাড়াও, Muscat Livestock (MLS) নামক একটি প্রতিষ্ঠান অনলাইনে কুরবানির পশু বুকিং সুবিধা চালু করেছে। গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে ছাগল ও ভেড়া বুক করে ঈদের দিন নির্দিষ্ট ঠিকানায় ডেলিভারি পাচ্ছেন। প্রতিটি পশুর গড় দাম ৫৫ ওমানি রিয়ালের আশপাশে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ওমানে ঈদুল আযহা আগামী ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের উৎসব ও ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাজার ও কসাইখানাগুলোর সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
পশু ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে প্রশাসন সতর্কবার্তা দিয়েছে যেন অতিরিক্ত দাম না নেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে বাজার কার্যক্রম পরিচালিত হয়। ওমানের নাগরিক ও প্রবাসীরা এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির প্রস্তুতিতে ব্যস্ত।
রবিউল হোসেন / এমআই




















