ঈদের পর রংপুরের বাজারে মাছ-সবজি দাম চড়া, মুরগিতে স্বস্তি
সাকিব চৌধুরী ১৩ জুন ২০২৫ , ৮:২৯:৩১প্রিন্ট
সংস্করণ
ঈদুল আজহা’র পর রংপুরের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে আগের থেকে বেশি দামে। তবে, মুরগির দামে স্বস্তি ফিরেছে। এখন মুরগি আগের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে কমেছে৷
শুক্রবার (১৩ জুন) রংপুর সিটি বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে সবজি বাজার ঘুরে দেখা যায়, করলা প্রতি কেজি ৭৫ থেকে ৯০, ঢেঁড়স ৩০ থেকে ৪০, কাকরোল ৬০ থেকে ৭০, পটল ৫০ থেকে ৬০, বেগুন ৮০, চিচিঙ্গা ৫০, মুলা ৩০, ধুন্দুল ৫০ থেকে ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ থেকে ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০, ঝিঙে ৬০, শসা ৮০, টমেটো ১০০, গাজর ২০০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, বরবটি ৫০, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেশির ভাগ সবজির দাম বেড়েছে বলে জানিয়েছে সবজি বিক্রেতারা।
সবজি কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের পর সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ঈদের আগে যে টমেটো ৫০ থেকে ৬০ টাকায় কিনেছি, আজ তা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ।
এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এআই সোনালী মুরগি প্রতি কেজি ২৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
মুরগী দোকানদার জানান, এখন ঘরে ঘরে কোরবানির মাংস থাকার কারণেই মূলত মুরগির দাম কমেছে।
চাল, ডাল, তেল, ডিমের বাজারে তুলনামূলকভাবে স্থিতিশীলতা দেখা গেছে।
ঈদের পর বাজারে চাহিদা বাড়ায় মাছের দাম বাড়তি। পর্যাপ্ত সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমে আসবে বলেও তাঁরা জানান।
মাছ বাজারে গিয়ে দেখা যায়, পাবদা মাছ প্রতি কেজি ৩৪০-৩৮০ টাকা, রুই ২৮০-৩০০ টাকা, পোয়া ৬০০ টাকা, সরপুঁটি ১৫০ টাকা, শিং ৬০০ টাকা, শোল ৭০০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে রংপুর সিটি বাজারের পাইকারি মাছ ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, বিভিন্ন জেলা থেকে রংপুরে এখনো মাছ আসা তেমনভাবে শুরু হয়নি। অল্প পরিসরে যেসব মাছ আসছে, সেগুলো কিছুটা বেশি দরে আমাদের কিনতে হচ্ছে। ঈদের আগের তুলনায় কেজিতে ২০ থেকে ৪০ টাকা বাড়তি দরে আমাদের কিনতে হচ্ছে।
আশা করছি, কয়েক দিনের মধ্যেই রংপুরের বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পাবে। তখন দামও কিছুটা কমে আসবে।