আন্তর্জাতিক ডেস্ক: ৩ আগস্ট ২০২৫ , ২:০৬:১২ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় খেলতে গিয়ে মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১২ জন শিশু।
শনিবার (২ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, নিহত শিশুরা মাঠে একটি মর্টার শেল খুঁজে পায় এবং সেটিকে খেলনা ভেবে নিজেদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। একপর্যায়ে শেলটি হঠাৎ বিস্ফোরিত হলে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান বলেন, “নিহত ও আহত সবাইকে দ্রুত খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিকে ঘটনার পরপরই বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (RPO) সাজ্জাদ খান আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “সরকারি পর্যায়ে সবধরনের সহায়তা নিশ্চিত করা হবে। যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
ঘটনাস্থলে দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয় এবং তারা বিস্ফোরণের সূত্রপাত, প্রকৃতি ও সম্ভাব্য উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পাকিস্তানে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। শিশুদের হাতে বিস্ফোরক পৌঁছানো এবং খেলনা ভেবে তা ব্যবহার করার ঘটনা অতীতেও ঘটেছে। ২০২৩ সালের অক্টোবরে বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত এবং আটজন আহত হয়। এর এক মাস আগেই সিন্ধুর কাশমোর জেলার এক বাড়িতে রকেট লঞ্চার বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারান এবং একজন নারী আহত হন।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় অজ্ঞাত বিস্ফোরক অব্যবহৃত থেকে যাওয়ায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বেড়েই চলেছে।




















