জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:০৫:৫০ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রোববার বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, শুকদেব নাথ তপন, আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনিসহ দেশে অতীতে ঘটে যাওয়া সব সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পৃথক আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ সুরক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এসময় ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।




















