প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৭:১১:৩৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “এই উপজেলার দায়িত্ব গ্রহণ করেছি অল্পদিন হলো। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার এই প্ল্যাটফর্ম আমাকে এলাকার বাস্তব অবস্থা বুঝতে সহায়তা করবে। আমি বিশ্বাস করি, প্রশাসনিক কার্যক্রম তখনই সফল হয়, যখন জনগণ তাৎক্ষণিকভাবে যুক্ত থাকে।”
তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়ের মতো সমস্যাগুলো রুখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও বেশি সক্রিয় হতে হবে। একটি সচেতন, নিরাপদ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাবু বিশ্বনাথ মণ্ডল, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, প্রধান শিক্ষক দিলীপ কুমার, মনোয়ারা বেগম, যুবদল নেতা দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।
সভায় বক্তারা এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা, মাদকের বিস্তার, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি এবং একটি কার্যকর সমন্বয় কমিটি গঠনের দাবি জানান তারা।
সভা শেষে ইউএনও আখতার জাহান সাথী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে। আপনাদের সহযোগিতায় মান্দাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।”








