মো: সাকিব চৌধুরী ৮ আগস্ট ২০২৫ , ১:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ
রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় অবসরপ্রাপ্ত ডিসি অফিস কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৯ মে দক্ষিণ মুলাটোল এলাকার নিজ বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের জামাতা এনায়েত হোসেন মহন বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্তে আসামি আরমান আলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলা চলার পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট।”




















