সিলেট প্রতিনিধি : ২২ আগস্ট ২০২৫ , ২:৪৬:৫২ প্রিন্ট সংস্করণ
সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজকে ঘিরে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, রাজনৈতিক দলে ঘনিষ্ঠতা বদল এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সরকারের পরিবর্তনের পর আবার ভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় বিভিন্ন মহল দাবি করেছে, নাহিদ নিয়াজ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ নানা কৌশলে নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়েও টিটিসি অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড জেলা প্রশাসকের নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে পারে।
তবে অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজ এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং কোনো প্রকার অনিয়মে জড়িত নন।




















